পুনরায় টুইটারের ভেরিফিকেশন আবেদন স্থগিত

১৫ আগষ্ট, ২০২১ ০৩:০৬  
আবারও ভেরিফিকেশন আবেদন স্থগিত করলো টুইটার। আবেদন ও রিভিউ প্রক্রিয়ার মানোন্নয়নে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর এনগ্যাজেট। প্রায় বছরখানের বন্ধ রাখার পর গত মে মাসে ব্যবহারকারীদের কাছ থেকে প্রোফাইল ভেরিফিকেশন আবেদন গ্রহণ শুরু করে টুইটার। তবে মাত্র আটদিন পরেই সেটি আবার বন্ধ ঘোষণা করা হয়। সেই সময় ভেরিফিকেশন নীতিমালা নিয়ে কাজ করছিলো টুইটার। ২ জুন পুনরায় পাবলিক ভেরিফিকেশন চালু করা হয়। পাবলিক ভেরিফিকেশন সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে এবার আরেকধাপ এগিয়ে যুক্তি দিচ্ছে টুইটার। বলা হচ্ছে, অ্যাবেদন ও রিভিউ প্রক্রিয়ার মানোন্নয়নে এটি স্থগিত করা হয়েছে। তবে কী ধরনের পরিবর্তন আসবে সেটি জানানো হয়নি। এমনকি কবে নাগাদ পুনরায় আবেদন গ্রহণ শুরু হবে সেটির বিষয়েও মুখ খোলেনি টুইটার। পাবলিক ভেরিফিকেশনের ক্ষেত্রে আবেদনকারীকে সরকারের ইস্যুকৃত আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে পরিচয় নিশ্চিত করতে হয়। তবে এই আবেদনের বাইরেও টুইটার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সেলিব্রেটিদের ভেরিফিকেশন করে থাকে। পাবলিক আবেদন বন্ধের বিষয়ে দু:খ প্রকাশ করেছে টুইটার। তবে অপেক্ষার ফল ভালো ও সঠিক হবে বলে জানিয়েছে কোম্পানিটি। ডিবিটেক/বিএমটি